ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে কায়রোগামী একটি যাত্রীবাহী বিমানের কাছাকাছি দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথি মিলিশিয়ারা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানির বরাতে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
তথ্যমন্ত্রী জানান, ৬১২ নম্বর ফ্লাইটটি কায়রোর উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ক্ষেপণাস্ত্র দুটি উড়োজাহাজটি থেকে প্রায় ৫০০ মিটার এবং রানওয়ের মধ্যবর্তী অংশ থেকে ১০০ মিটার দূরে পড়ে।
আল-এরিয়ানি এ হামলাকে বেসামরিক বিমানবন্দর ও আকাশপথের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেন। তার মতে, এ ধরনের হামলা বিমানযাত্রী ও ক্রুদের জীবনকে ঝুঁকির মুখে ফেলার পাশাপাশি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড