ইরানের পারমাণবিক স্থাপনা ও জ্বালানি খাতে নতুন করে হামলার বিকল্প পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ পরিকল্পনায় দেশটির অস্ত্রভান্ডারের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কেন্দ্র ও জ্বালানি খাতকে লক্ষ্য করে অতিরিক্ত সামরিক হামলার বিকল্প প্রস্তুত রাখতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে বা পরে এ ধরনের হামলা চালানো হতে পারে বলে পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে পিকঅ্যাক্স মাউন্টেনের ভূগর্ভস্থ একটি সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা। ওয়াশিংটন ও ইসরায়েলের ধারণা, সেখানে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কিছু সরঞ্জাম সংরক্ষিত রয়েছে। তবে ভূগর্ভের গভীরে শক্ত গ্রানাইট পাথরের মধ্যে অবস্থিত স্থাপনা ধ্বংস করতে বোমাটি কতটা কার্যকর হবে, তা নিয়ে সামরিক বিশ্লেষকদের সংশয় রয়েছে।
জিপিএস-নিয়ন্ত্রিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যাপক এলাকাজুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হলেও এটি মূলত মাটির গভীরে প্রবেশ করে স্থাপনা ধ্বংসের জন্য তৈরি নয়। তাই এর ব্যবহার নিয়ে সামরিক পরিকল্পনায় কৌশলগত ও মনস্তাত্ত্বিক প্রভাবের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
এদিকে, ঘনবসতিপূর্ণ এলাকা কিংবা বেসামরিক স্থাপনার কাছাকাছি এ ধরনের বোমা ব্যবহার করা হলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে মার্কিন কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এমন পরিস্থিতিতে ইরানের ওপর সামরিক চাপ বাড়ানোর এ পরিকল্পনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।
সূত্র: আনাদোলু এজেন্সি