October 12, 2026, 10:30 pm

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, জব্দ মাইক

ভারতের উত্তর প্রদেশের বিজনরে নির্ধারিত শব্দসীমার চেয়ে বেশি শব্দে আজান দেওয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মসজিদের মাইকও জব্দ করা হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক বিট কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার জেলার ম্যাজিস্ট্রেট উমেশ প্রতাপ সিং ও পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই নাজিবাবাদে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে মহল্লা মাকবারা এলাকায় একটি মসজিদ থেকে উচ্চস্বরে আজান শুনতে পান। পরে পুলিশ সুপারের নির্দেশে কোতোয়ালি থানার পুলিশ মসজিদে গিয়ে মাইক জব্দ করে এবং মুয়াজ্জিন ফাইজানকে আটক করে।

উপপরিদর্শক সৌরভ কুমারের অভিযোগের ভিত্তিতে শব্দদূষণবিধি লঙ্ঘনের অভিযোগে ফাইজানের বিরুদ্ধে মামলা করা হয়। শান্তিভঙ্গের অভিযোগেও তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়। পরে উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, শব্দ নিয়ন্ত্রণের বিধিনিষেধ কার্যকর করতে ব্যর্থ হওয়ায় বিট কনস্টেবল ললিত কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয়গুলোর মাইক নির্ধারিত শব্দসীমার মধ্যে চলছে কি না, সে বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘন হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে বিজনরে ধর্মীয় উপাসনালয়গুলোতে অভিযান চালিয়ে ২ হাজার ৫০৯টি মাইক সরিয়ে নেয় পুলিশ। এর মধ্যে মসজিদের ১ হাজার ৩২৩টি, মন্দিরের ১ হাজার ১১৬টি এবং গুরুদুয়ারার ৭০টি মাইক ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল সিং জানিয়েছেন, সরকার ও আদালতের নির্দেশনা অনুযায়ী শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলাজুড়ে অভিযান চলছে। ধর্মীয় উপাসনালয়গুলোকে নির্ধারিত শব্দসীমা মেনে মাইক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা