October 10, 2026, 10:22 pm

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণে বহু আহত, বন্ধ সব ফ্লাইট

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। ঘটনার পরপরই বিমানবন্দরের বিভিন্ন অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় একাধিক অ্যাম্বুলেন্সকে দ্রুত বিমানবন্দরে পৌঁছাতে দেখা গেছে। শনিবার (১০ অক্টোবর) দুই প্রত্যক্ষদর্শী ও বিষয়টি সম্পর্কে অবগত আরও দুই ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের পর বিমানবন্দরের ভেতরে বেশ কয়েকজনকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছেন তিনি। তবে বিস্ফোরণের কারণ ও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সৌদি সরকারের মিডিয়া অফিস ও দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি।

ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীদের সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা জোরদারের মধ্যেই এ ঘটনা ঘটল। চলতি সপ্তাহে এর আগে আরও দুবার বিমানবন্দরটিতে হামলা হয়েছে। ওই হামলায় চারজন নিহত ও কয়েকজন আহত হন। ক্ষতিগ্রস্ত হয় একটি উড়োজাহাজও।

বিমান চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ এবং যাত্রা শুরুর আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছে।

কুয়েত এয়ারওয়েজ জানিয়েছে, বিমানবন্দর বন্ধ থাকায় রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে যাওয়ার ফ্লাইট বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্তের কারণ হিসেবে তারা বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করেছে। এর আগে ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজও রিয়াদের সঙ্গে চলাচলকারী একাধিক ফ্লাইট বাতিল করে। কিছু ফ্লাইটের ক্ষেত্রে এ সিদ্ধান্ত সোমবার পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে, রিয়াদে নির্ধারিত কয়েকটি বড় জ্বালানি ও বিনিয়োগবিষয়ক সম্মেলনের আয়োজকেরা জানিয়েছেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেছেন তারা।

সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকারের বিরুদ্ধে চলতি মাসের শুরুতে অভিযান শুরুর পর হুথিরা সৌদি আকাশসীমাকে সামরিক অভিযানের এলাকা হিসেবে ঘোষণা করে। পাশাপাশি উড়োজাহাজ চলাচলকারী সংস্থাগুলোকে সৌদি আরবের আকাশসীমা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা