ভারতের দিল্লিতে ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রস্তাবিত বিক্ষোভে যোগ দেওয়ার চেষ্টা করার সময় জনপ্রিয় ইউটিউবার ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, সম্প্রতি ভারতে আসা ধ্রুব রাঠিকে দিল্লি যাওয়া থেকে বিরত রাখতে দিল্লি ও গুরগাঁও পুলিশের একটি যৌথ দল তাঁর গুরগাঁওয়ের সেক্টর-৫৬ এলাকার কেন্দ্রীয় বিহার সোসাইটির বাসভবনে যায়। তবে পুলিশের অনুরোধ উপেক্ষা করে দিল্লি যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাঁকে আটক করা হয়।
ধ্রুব রাঠির আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে ককোরোচ জনতা পার্টি (সিজিপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দলটি অভিযোগ করে, নির্বাচনী ত্রুটি নিয়ে গণতান্ত্রিক প্রতিবাদ ও ভিন্নমত দমনের উদ্দেশ্যে সরকার এ ধরনের পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে ধ্রুব রাঠিসহ আটক সব নাগরিকের নিঃশর্ত মুক্তি দাবি করেছে সংগঠনটি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ধ্রুব রাঠি শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজিপির নির্ধারিত বিক্ষোভে যোগ দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন। গুরগাঁও পুলিশ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর বাসভবনের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস