October 10, 2026, 10:22 pm

ইমরানের মুক্তির দাবিতে লংমার্চ, খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির আলোচনা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চ ঘিরে উত্তেজনা বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারির বিষয়টি বিবেচনা করছে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠেয় বৈঠকে জ্যেষ্ঠ কেন্দ্রীয় মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকে প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত হলে এ জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন হবে।

এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তারিক ফজল চৌধুরী জানিয়েছেন, খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির বিষয়ে কেন্দ্রীয় সরকার আলোচনা করেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি তিনি। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হওয়াকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেও উল্লেখ করেন তিনি।

এদিকে, পিটিআইয়ের লংমার্চকারীদের ইসলামাবাদে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তিনি বলেন, রাজধানীতে ইচ্ছামতো ব্যবসা-বাণিজ্য ব্যাহত করার সুযোগ দলটিকে দেওয়া হবে না। চলমান পরিস্থিতির চূড়ান্ত অবসান ঘটানোর কথাও বলেন তিনি।

ইমরান খানের মুক্তির দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো লংমার্চ চালিয়ে যাচ্ছে পিটিআই। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সুহাইল আফ্রিদির নেতৃত্বে কর্মসূচিতে অংশ নিচ্ছেন দলটির নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

লংমার্চ ঘিরে প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গভর্নর ও পাকিস্তান পিপলস পার্টির নেতা ফয়সাল করিম কুন্দি। প্রাদেশিক সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে নেওয়া পদক্ষেপের ব্যাখ্যাও চেয়েছেন তিনি।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী সুহাইল আফ্রিদির বিরুদ্ধে দলের গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতার অভিযোগ তুলেছেন সাবেক মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। ফাঁস হওয়া একটি অডিও বার্তায় তিনি আফ্রিদির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বিষয়ে আপস এবং ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ সীমিত করার অভিযোগ করেন। আলী আমিনের মুখপাত্র অডিওটির সত্যতা নিশ্চিত করেছেন। তবে অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি সুহাইল আফ্রিদি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা