এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে মাঠে রয়েছে প্রশাসন।
এ লক্ষ্যেে সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ও জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পূজা কমিটির নেতৃবৃন্দের বিভিন্ন দাবি, পরামর্শ ও অভিযোগ গভীর মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশি এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করব। নারায়ণগঞ্জ একটি শান্তিপূর্ণ ও সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত। এখানে হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে উৎসব উদযাপন করে।
তিনি আরও বলেন, এবার জেলার প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ, ফায়ার সার্ভিসের প্রস্তুতি ও মেডিকেল টিম রাখা বাধ্যতামূলক করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে, যেখানে ২৪ ঘণ্টা অভিযোগ গ্রহণ করা হবে। কোনো মণ্ডপে অপ্রীতিকর ঘটনা বা হয়রানির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি জানান, জেলার প্রতিটি পূজা মণ্ডপে ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, র্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি থাকবে। মণ্ডপগুলোতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব বা উসকানিমূলক পোস্ট ছড়ালে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। পূজা চলাকালীন মদ, জুয়া ও অশ্লীলতা রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
পুলিশ সুপার আরও বলেন, পূজা উদযাপন কমিটির সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আশা করি নিশ্ছিদ্র নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা উদযাপিত হবে।
জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতারা প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, এবারের মতো সমন্বিত প্রস্তুতি অতীতে দেখা যায়নি।
জেলা প্রশাসনের তথ্য মতে, এবার নারায়ণগঞ্জ জেলায় ২৪০ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।