খুলনা প্রতিনিধি:
সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা জোরদারে রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে খুলনা জেলা পুলিশ। বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনাপত্রে বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটায় দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ কারণে রাতে বিশেষ অভিযান কিংবা অন্য কোনো দায়িত্ব পালনের সময় কোনো সদস্য যেন একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে ইউনিটপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ সুপারদের বিভিন্ন শাখা, সার্কেল সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস, কোর্ট পুলিশসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও থানায় পাঠানো হয়েছে।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন। ওই ঘটনার পর জেলা পুলিশের সদস্যদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের চাপাতির কোপে গুরুতর আহত হন পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩)। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও পাঠানো হয়েছে।