October 10, 2026, 10:22 pm

২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

২০৩০ সালের মধ্যে দেশে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর প্রথম ধাপে আগামী ফেব্রুয়ারির মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে সমবায় ভবনে আয়োজিত এক সভায় তিনি এ পরিকল্পনার কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে যে ঘাটতি রয়েছে, তা সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হলে বিদ্যুৎ সরবরাহের ঘাটতি কমবে বলে আশা করছে সরকার।

তিনি আরও বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের পরিকল্পনা সফল হলে ফেব্রুয়ারির পর দেশে লোডশেডিং থাকবে না বলে আশা করা হচ্ছে।

সৌরবিদ্যুৎ উৎপাদনকারীদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের মূল্যও নির্ধারণের কথা জানান মীর শাহে আলম। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করলে প্রতি ইউনিটের দাম পাওয়া যাবে ১০ টাকা ৫০ পয়সা। এ সুবিধা ২০২৮ সাল পর্যন্ত বহাল থাকবে। এরপর প্রতি ইউনিটের দাম কমে ৬ থেকে ৭ টাকা হতে পারে।

প্রতিমন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের বড় ছাদে সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন ও বিক্রির মাধ্যমে আয় করা সম্ভব। বিশেষ করে শুক্র ও শনিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সময়ে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা