October 12, 2026, 12:53 am

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: মূলহোতাদের আইনের আওতায় আনার আশ্বাস প্রতিমন্ত্রীর

অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বাকি হামলাকারী ও মূলহোতাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, প্রয়োজনীয় সংস্কারকাজ শেষে স্বাস্থ্যকেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং লুট হওয়া মালামালও জব্দ করা হয়েছে। রাড্ডাকাণ্ড নিয়ে ভবিষ্যতে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুরের ১ নম্বর সেকশনে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, প্রায় ২০০ ব্যক্তি দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয়। এ ছাড়া পাকা ভবনের আল্ট্রাসাউন্ড কক্ষ, টিকা কক্ষ ও পরীক্ষাগারসহ পাঁচটি কক্ষের দরজা-জানালা ভাঙচুর করা হয়।

হামলাকারীরা স্বাস্থ্যকেন্দ্র থেকে আসবাবপত্র, ওষুধসামগ্রী, আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ও আলমারিসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায় বলে অভিযোগ করেছে রাড্ডা কর্তৃপক্ষ। এতে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাদের দাবি। ভাঙচুর ও লুটপাটের পর সেখানে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’ নামে একটি সাইনবোর্ডও লাগিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় শাহআলী থানায় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত ১৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা