বিমানবহরে প্রথম ধাপে ৩৫টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে দেশের বিমানবহর ২০০টির বেশি উড়োজাহাজে উন্নীত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
রোববার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বর্তমান উড়োজাহাজগুলো একসময় পুরোনো হয়ে যাবে। ভবিষ্যতের যাত্রী চাহিদা পূরণ এবং বিমান পরিবহন ব্যবস্থা সচল রাখতে এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া প্রয়োজন।
তিনি জানান, ৩৫টি উড়োজাহাজ দেশে আসতে প্রায় ১০ বছর সময় লাগবে। ২০৩১ সাল থেকে পর্যায়ক্রমে উড়োজাহাজ আসা শুরু হবে। ২০৩৬ থেকে ২০৩৭ সালের মধ্যে সেগুলো দেশে পৌঁছানোর আশা করা হচ্ছে।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের তরুণ প্রজন্মের মেধা ও সক্ষমতার বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে বিমানবহর আরও বড় করার পরিকল্পনা রয়েছে। দীর্ঘমেয়াদে ২০০টির বেশি উড়োজাহাজের সক্ষমতা অর্জন করতে চায় বাংলাদেশ।
আন্তর্জাতিক রুট সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, কানাডা, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও চীনের মতো গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ বাড়াতে হবে। এসব দেশে ফ্লাইট চালুর জন্য প্রয়োজনীয় স্লট নিশ্চিত করার বিষয়েও কাজ করতে হবে।
এদিকে, পর্যটনশিল্পের বিকাশে নেত্রকোণার বিরিশিরিকে জাতীয় পর্যায়ের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।