দেশজুড়ে লোডশেডিং বাড়তে থাকায় মাদ্রাসাগুলোর ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ সালের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
রোববার (১১ অক্টোবর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোর প্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের চিঠির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৌরবিদ্যুৎ স্থাপন, প্রণোদনা-সংক্রান্ত তথ্য এবং নেট মিটারিং সংযোগের সমস্যার সমাধানে সংশ্লিষ্ট হটলাইন ও ওয়ান-স্টপ সেবা কেন্দ্র থেকে সহায়তা নিতে পারবে মাদ্রাসাগুলো।
জরুরি সহায়তায় বিদ্যুৎ বিভাগের হটলাইন ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ১৬২০০, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১৬৮৯৯, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ১৬১১৬, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) ১৬১২০, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ১৬১১৭ এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) ১৬৬০৩ নম্বরে যোগাযোগ করা যাবে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) হটলাইন নম্বর ০১৫৫০৭৭৭৭৭৭।
নির্দেশনায় আরও বলা হয়, টেলিফোনে সহায়তা পাওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর প্রধান কার্যালয় এবং জেলা ও উপজেলা পর্যায়ের ওয়ান-স্টপ সেবা কেন্দ্র থেকেও প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া যাবে। এসব কেন্দ্রে সমস্যার সমাধান না হলে বাংলাদেশ সচিবালয়ের পাশে বিদ্যুৎ ভবনের ১৩ তলায় অবস্থিত বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় ওয়ান-স্টপ সেবা কেন্দ্রে যোগাযোগ করতে হবে।