স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পুরোপুরি প্রস্তুত নয় বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব। বাহিনীকে প্রস্তুতির জন্য সময় দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী বছরের শুরুর দিকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব।
রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সেলিম রেজা হাবিব বলেন, জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন বেশি জটিল ও ঝুঁকিপূর্ণ। এ নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত স্বার্থ ও প্রভাব বিস্তারের চেষ্টা বেশি থাকে। প্রতিটি কেন্দ্রে একাধিক প্রার্থীর কর্মী-সমর্থকদের উপস্থিতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি প্রস্তুতি প্রয়োজন।
তিনি জানান, বৈঠকে সরকারি ও বিরোধী দলের সদস্যরা দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা করেছেন।
আওয়ামী লীগ সরকারের সময়কার প্রকল্পের দুর্নীতি তদন্তের সুপারিশ
বৈঠকে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশি-বিদেশি অর্থায়নে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি তদন্তের সুপারিশ করেছে কমিটি। জনস্বার্থ বিবেচনায় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, সরকারি কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়নে মেধা-যোগ্যতাকে প্রাধান্য দেওয়া এবং দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধের ওপর গুরুত্ব দেওয়া হয়।
গ্রামীণ সড়কে তিন বছরের ওয়ারেন্টির সুপারিশ
গ্রামীণ সড়কের নির্মাণমান ও স্থায়িত্ব নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি হিসেবে জামানত নেওয়ার সুপারিশ করেছে কমিটি। নির্মাণকাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
কমিটির সভাপতি বলেন, উন্নয়নকাজ শেষ হওয়ার পর তিন বছর সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থাকে মেরামতের দায়িত্ব নিতে হবে। এতে নির্মাণকাজের মানে ফাঁকি দেওয়ার সুযোগ কমবে।
ডেঙ্গু প্রতিরোধ ও নিরাপদ পানিতে গুরুত্ব
ডেঙ্গু প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান তদারকি এবং জনসচেতনতা বাড়ানোর সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি আর্সেনিকপ্রবণ এলাকা চিহ্নিত করে নিরাপদ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া সরকারি কর্মকর্তাদের সততা ও জবাবদিহি নিশ্চিত করা এবং উপজেলা পর্যায়ে অনলাইনভিত্তিক হাজিরা চালুর সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিবের সভাপতিত্বে বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।