October 11, 2026, 12:18 am

দুর্গাপূজা এখন সর্বজনীন উৎসব: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

প্রতিনিধি :

দুর্গাপূজা এখন আর শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসব নয়, বরং বাংলাদেশের সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এমন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার, সুযোগ-সুবিধা ও অংশগ্রহণ নিশ্চিত হবে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরের জেএমসেন হলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, ছোটবেলা থেকেই তিনি দুর্গাপূজার আনন্দ ও উৎসবে অংশ নিয়ে আসছেন। সবাইকে সঙ্গে নিয়ে এমন একটি দেশ গড়তে চান, যেখানে কোনো বিশেষ গোষ্ঠী নয়, বরং সব মানুষ সমান সুযোগ পাবেন। তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তারা কাজ করছেন বলেও জানান তিনি।

সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, কিছু মানুষ সমাজের বিদ্যমান ভালোবাসা, ঐক্য ও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে। তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ থাকলে এ ধরনের অপচেষ্টা প্রতিহত করা সম্ভব।

তিনি আরও বলেন, এবার দুর্গাপূজার বেশ আগেই উৎসবের আমেজ তৈরি হয়েছে। মানুষের মধ্যে স্বস্তি, ভালোবাসা ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকলে উৎসবের আনন্দ স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। সরকার এমন পরিবেশ ফিরিয়ে আনতে চায়। ছোটখাটো অসুবিধাকে বড় করে না দেখে দেশের সম্ভাবনার দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম বলেন, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ধর্মীয় উৎসবেও মানুষের পাশে থাকার অঙ্গীকার রয়েছে জেলা পরিষদের। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে তিনি আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা পরিষদের প্রধান নির্বাহী চৌধুরী রওশন ইসলাম, চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার, বিএনপি নেতা আবুল হাশেম বক্করসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা।

এ ছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক মনোয়ারা বেগম, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা