মোহাম্মদ আসাদ, নিজস্ব প্রতিবেদক :
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়ার ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। পাশাপাশি বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়েছে।
নিহতরা হলেন বকশীগঞ্জ উপজেলার ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগম (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস রৌমারীর উদ্দেশে যাচ্ছিল। পথে ঠাকুরপাড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং এর হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।