October 11, 2026, 10:50 pm

দিল্লিতে আটক সিজেপির তিন নেতা জামিনে মুক্ত

ভারতের দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে জামিন দিয়েছেন আদালত। এক বছরের মধ্যে শান্তিভঙ্গের আশঙ্কা তৈরি করতে পারে, এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে রোববার (১১ অক্টোবর) তাঁদের জামিন দেওয়া হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার (১০ অক্টোবর) দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজ থেকে নামার পর তাঁদের আটক করা হয়। পরে রোববার সকালে পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখায়। এরপর তাঁদের দিল্লি ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

ভোটার তালিকা হালনাগাদে অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার বিক্ষোভের ঘোষণা দিয়েছিল সিজেপি। কর্মসূচি শুরুর আগেই দলটির তিন নেতাকে আটক করা হয়।

এদিকে, ওই বিক্ষোভকে কেন্দ্র করে সাবেক মুখ্যমন্ত্রী, সংসদ সদস্য (এমপি), বিধায়কসহ বিভিন্ন পর্যায়ের তিন হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। পরে গভীর রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

বিক্ষোভ ঘিরে দিল্লির কেন্দ্রীয় এলাকায় অবস্থিত যন্তর মন্তরে বিশৃঙ্খলা এড়াতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় পুলিশ। রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হলে বিক্ষোভকারীরা ছোট ছোট দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন এলাকায় প্রতিবাদ জানান।

অন্যদিকে, শনিবার দিল্লির মেট্রো স্টেশন ও ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখার ঘটনায় আদালত অবমাননার অভিযোগে করা আবেদনের ওপর রোববার ভারতের সুপ্রিম কোর্টে বিশেষ শুনানি হওয়ার কথা রয়েছে।

রোববার সকাল থেকে দিল্লিতে মেট্রো চলাচল আবার শুরু হয়েছে। তবে বিভিন্ন স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথে কঠোর নিরাপত্তা বজায় রাখা হয়েছে। আটক বিক্ষোভকারীদের থানায় নেওয়ার জন্য আশপাশে পুলিশ বাসও প্রস্তুত রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা