October 13, 2026, 12:10 am

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন বগুড়ার শাহেদ আহম্মেদ ও কুমিল্লার নাসরুল্লাহ বদরপুরি। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সূত্রে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

রোববার (১১ অক্টোবর) প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানায়, গত শনিবার বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এ সময় সেখানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন। এ ঘটনায় দুই বাংলাদেশি নিহত হন।

নিহত শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তার বাবা মো. রফিকুল ইসলাম এবং মা মোছা. শাহেরা বেগম।

অন্যদিকে, নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে। তার বাবা মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং মা জাহানারা বেগম।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিমানবন্দরে হামলায় মোট ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা