মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী পৌর শহরের যানজট নিরসন ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে নির্ধারিত বাসস্ট্যান্ড ছাড়া অন্য কোথাও যাত্রী ওঠানামা বন্ধের নির্দেশ দিয়েছে আমতলী পৌরসভা। আগামী ২২ অক্টোবর থেকে এ নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে।
আমতলী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত লোকাল বাসস্ট্যান্ডকে নির্ধারিত বাসস্ট্যান্ড ও যাত্রী ওঠানামার স্থান হিসেবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, আমতলী থেকে পটুয়াখালী, বরিশাল, কলাপাড়া, কুয়াকাটা ও তালতলী রুটে চলাচলকারী সব লোকাল বাস নির্ধারিত স্ট্যান্ড থেকেই যাত্রা শুরু করবে। একই সঙ্গে যাত্রী ওঠানামাও করতে হবে ওই স্ট্যান্ডে।
আমতলী পৌরসভার প্রশাসক হাসান মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাসমালিক, চালক, সহকারী ও কাউন্টার পরিচালনাকারীদের এ নির্দেশনা মেনে চলার কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত বাসস্ট্যান্ড ছাড়া পৌর এলাকার অন্য কোথাও বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো এবং যানজট সৃষ্টি করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পৌর শহরের যানজট কমানো, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনস্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আগামী ২২ অক্টোবরের মধ্যে নির্দেশনাটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর তাগিদ দেওয়া হয়েছে।