গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ অবরোধ শুরু হয়। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয় শিল্প পুলিশ।
শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বুধবারও তাঁরা বিক্ষোভ করেন। এর আগে কারখানা কর্তৃপক্ষ বেতন দেওয়ার আশ্বাস দিলেও নির্ধারিত সময়ে তা পরিশোধ করেনি। পরে বুধবার নতুন করে বেতন দেওয়ার কথা বলা হলেও সেদিনও টাকা দেওয়া হয়নি। এর মধ্যে বৃহস্পতিবার সকালে হঠাৎ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করায় ক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন।
অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দেয়। তবে শ্রমিকেরা অবরোধ চালিয়ে গেলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে।
পরে সকাল সাড়ে নয়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম জানান, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কারখানা থেকে গোপনে মেশিনপত্র সরিয়ে নেওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়া এ তথ্য সঠিক নয়।