নিজস্ব সংবাদদাতা :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত সাহেব আলী হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি সব্বিরকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
বুধবার (১৪অক্টোবর) বিকেলে এসআরবি-১১-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১২ ) বিকেল পৌনে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনিতে ইত্তেহাদ টাওয়ারের সামনে সাহেব আলীকে (৪০) গুলি করা হয়। অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র ব্যক্তিরা তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ হয়ে সাহেব আলী সড়কের পাশের একটি খালে পড়ে গেলে হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে আরও কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়।
হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার এড়াতে আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরে গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সব্বিরের অবস্থান শনাক্ত করা হয়।
মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার সব্বিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।