October 14, 2026, 8:21 am

নারায়ণগঞ্জ সদরে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলা, জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং কমর আলী হাইস্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মহড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত সাড়া প্রদান, আগুন নিয়ন্ত্রণ, দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের উদ্ধার এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদে সরে যাওয়ার বিষয়ে ব্যবহারিক ধারণা তুলে ধরা হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা হাতে-কলমে অগ্নিনির্বাপণের কৌশল প্রদর্শন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, “অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় সচেতনতা, পূর্বপ্রস্তুতি এবং তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সঠিক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন, যাতে তারা নিজেরা নিরাপদ থাকতে পারে এবং প্রয়োজনে অন্যদেরও সহযোগিতা করতে পারে।”

তিনি আরও বলেন, “দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদার করতে হবে। নিয়মিত মহড়া ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে একটি নিরাপদ ও দুর্যোগ-সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।”

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের মহড়া বাস্তব দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করে। পাশাপাশি অগ্নিনিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উদ্ধারকাজে সংশ্লিষ্টদের প্রস্তুতি ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা