October 14, 2026, 8:21 am

রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা, হাইকোর্টে রিট

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি এবং সাংস্কৃতিক স্থাপনায় হামলা প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি এ রিট দায়ের করেন।

রিট দায়েরের পর আইনজীবী সাদ্দাম হোসেন অভি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে। কনসার্ট ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সাংস্কৃতিক স্থাপনায় হামলার ঘটনাও ঘটছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধ, সাংস্কৃতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাঙালি জাতীয়তাবাদী সত্তা রক্ষায় সরকারকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিতে হবে। যাতে সাধারণ মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন, সেই নিশ্চয়তাও চাওয়া হয়েছে রিটে।

আইনজীবীর অভিযোগ, ধর্মের নাম ব্যবহার করে একটি গোষ্ঠী অপব্যাখ্যার মাধ্যমে দেশের সংস্কৃতি ধ্বংসের চেষ্টা করছে।

রিট আবেদনে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম, কনসার্ট, নাটক, সিনেমা, গানসহ সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিল্প-সাহিত্যের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা