কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলায় ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় ছেলের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন তাঁর বাবা সরদার আলী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বেলা পৌনে ১২টার দিকে উপজেলার আড়াজী পলাশবাগী এলাকা থেকে শোভনকে আটক করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদকাসক্ত হয়ে পড়ায় শোভনকে বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল। সেখানে প্রায় দুই বছর থাকার পর পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে নিয়ে আসেন। তবে বাড়িতে ফেরার পর আবারও মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। এ অবস্থায় মঙ্গলবার রাতে তাঁকে নিতে ওই পুনর্বাসন কেন্দ্রের লোকজন বাড়িতে আসেন।
বিষয়টি বুঝতে পেরে শোভন ঘরের ভেতরে তাঁর মা পারুল বেগমকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় ছেলেকে থামাতে এগিয়ে এলে বাবা সরদার আলীকেও ছুরিকাঘাত করেন শোভন। পরে তিনি পালিয়ে যান। গুরুতর আহত সরদার আলীকে হাসপাতালে নেওয়া হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত শোভনকে আটক করা হয়েছে। নিহত পারুল বেগমের মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।