October 14, 2026, 10:54 am

কুড়িগ্রামে সার ডিলার নিয়োগে অনিয়ম: গোপন তদন্ত রিপোর্ট, উপযুক্ত গোডাউন ছাড়াই চূড়ান্ত ডিলারশিপ

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে সার ডিলার নিয়োগে বিভিন্ন অনিয়ম ও মাঠ পর্যায়ের তদন্ত রিপোর্ট ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। মাঠ পর্যায় থেকে পাঠানো তদন্ত রিপোর্টে ডিলার নিয়োগ প্রক্রিয়ায় একাধিক শর্ত লঙ্ঘনের তথ্য উঠে আসলেও, সেটিকে উপেক্ষা করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এমনকি সার সংরক্ষণের জন্য নিজস্ব বা উপযুক্ত গোডাউন না থাকা সত্ত্বেও ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
​কুড়িগ্রাম সদরের বিভিন্ন ইউনিয়নে অনুসন্ধানে দেখা যায়, সার বণ্টন ও বিপণন নীতিমালা অনুযায়ী ডিলারশিপ পাওয়ার অন্যতম প্রধান শর্ত হলো নির্ধারিত ধারণক্ষমতা সম্পন্ন গোডাউন থাকা। কিন্তু সম্প্রতি সম্পন্ন হওয়া নিয়োগ প্রক্রিয়ায় মাঠ পর্যায়ের তদন্ত দল সরজমিনে গিয়ে আবেদনকারীর অনুকূলে উপযুক্ত গোডাউন পাননি। বিষয়টি তারা লিখিতভাবে চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করলেও অদৃশ্য কারণে পরবর্তীতে ওই প্রতিবেদনটি মুল্যায়ন করা হয় নাই।
​নাম প্রকাশে অনিচ্ছুক মাঠ পর্যায়ে তদন্ত কর্মকর্তা জানান, “মাঠ পর্যায়ের সরেজমিন তদন্তের পরই মূল চিত্র স্পষ্ট হয়। আমরা আমাদের রিপোর্টে গোডাউন না থাকার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছিলাম। কিন্তু ওপর মহল এ তদন্ত রিপোর্ট পরিবর্তন কিংবা এড়িয়ে গিয়েছে তা আমার জানা নাই। পরবর্তীতে কীভাবে যাদের উপযুক্ত গোডাউন নেই তাদেরকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হলো, তা আমাদের বোধগম্য নয়।”
​এদিকে নীতিমালা ভঙ্গ করে ডিলার নিয়োগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও অন্যান্য বঞ্চিত আবেদনকারীরা। তাদের মতে, যথাযথ গোডাউন না থাকলে রাসায়নিক সার নিরাপদে সংরক্ষণ করা সম্ভব নয়। ফলে ভরা মৌসমে সার সংকট তৈরি হওয়া এবং খোলা বাজারে কৃত্রিম সারের দাম বৃদ্ধির বড় ঝুঁকি তৈরি হবে।
​কুড়িগ্রাম সদরের বঞ্চিত আবেদনকারীদের দাবি, পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সাথে পুনরায় খতিয়ে দেখতে হবে এবং তদন্ত রিপোর্ট গোপন করার পেছনে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
​এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি এড়িয়ে যান এবং জানান যে, নির্ধারিত নীতিমালার বাইরে কাউকে ডিলারশিপ দেওয়া হয়নি। তবে মাঠ পর্যায়ের রিপোর্ট গোপন করার বিষয়ে কোনো স্পষ্ট সদুত্তর পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা