October 15, 2026, 11:51 am

নভেম্বরে গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে পরীক্ষামূলক ও বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি চলছে। পাশাপাশি ২০২৭ সালের জুনের মধ্যে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিং ও রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনাকালে এসব তথ্য জানানো হয়। বৈঠকে প্রকল্পের বর্তমান অবস্থা ও পরবর্তী কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সর্বাধুনিক ‘থ্রি প্লাস জেনারেশন’ প্রযুক্তিতে নির্মিত হচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তদারকিতে প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কাজ চলছে। আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের মূল্যায়ন অনুযায়ী, নির্ধারিত সময়সূচি অনুসারেই প্রকল্পের কাজ সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে।

বৈঠকে জানানো হয়, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জেলা পর্যায়ে নিউক্লিয়ার মেডিসিন সুবিধা সম্প্রসারণ এবং দেশের প্রথম সামুদ্রিক গবেষণা জাহাজ নির্মাণের উদ্যোগও বাস্তবায়নাধীন রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের সব কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করা হয়।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনামসহ সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, মো. আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কে এম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ ও মো. আব্দুল গফুর উপস্থিত ছিলেন।

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা