October 15, 2026, 11:50 am

আট মাসে জনপ্রশাসনে দুই হাজারের বেশি বদলি-পদায়ন, পদোন্নতি ১,০৫৫ কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক:

দায়িত্ব গ্রহণের প্রথম আট মাসে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে দুই হাজারের বেশি কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। একই সময়ে ১ হাজার ৫৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া ৩২ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ৫৮টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, সিনিয়র সহকারী সচিব থেকে সচিব ও সমপর্যায়ের পদে ৭৪৬ জন এবং সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) মাধ্যমে বিভিন্ন গ্রেডে আরও ৩০৯ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

মাঠ প্রশাসনে বিভাগীয় কমিশনার থেকে সহকারী কমিশনার পর্যায় পর্যন্ত ৫৮৯টি বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ৬ জন বিভাগীয় কমিশনার, ৩৬ জন জেলা প্রশাসক, ৩০৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের অন্যান্য কর্মকর্তা।

এ ছাড়া মন্ত্রণালয় ও বিভাগগুলোতে সচিব থেকে সহকারী সচিব পর্যায়ে এবং প্রেষণে বিভিন্ন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের অবসর দেওয়ার তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নতুন পদ সৃষ্টির ক্ষেত্রে সচিব পদে ২টি, অতিরিক্ত সচিব পদে ৭টি, যুগ্মসচিব পদে ৮টি, উপসচিব পদে ১৪টি এবং সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিব পর্যায়ে ১৯টিসহ মোট ৫৮টি পদ সৃষ্টি করা হয়েছে।

নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে ৪৫তম, ৪৬তম ও ৪৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের প্রাক্‌-চাকরি যাচাই চলছে। পাশাপাশি বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ এবং প্রশাসনিক নীতিমালা সংশোধন, পেনশন ব্যবস্থাপনা ডিজিটাল করা ও সরকারি কর্মচারীদের কল্যাণসেবা সহজ করার উদ্যোগের কথাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা