October 17, 2026, 8:05 pm

কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে পাথর বাঁধা অবস্থায় আরাফাত (১৮-১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় তার মাছ ধরার বোটের মালিক শফিককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বরকল উপজেলার শুভলং ইউনিয়নের জোড়াটিলা এলাকায় হ্রদের পানির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, আটক শফিকের দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকায় তল্লাশি চালিয়ে আরাফাতের মরদেহ পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর রাত থেকে নিখোঁজ ছিলেন আরাফাত। তিনি শফিকের মাছ ধরার বোটে শ্রমিক হিসেবে কাজ করতেন। কেঁসকি জাল টেনে মাছ ধরা ছিল তার কাজ। নিখোঁজের পর তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল হ্রদের বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লংগদু উপজেলার মহালছড়ি এলাকা থেকে শফিককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জোড়াটিলা এলাকায় অভিযান চালিয়ে পানির নিচ থেকে পাথর বাঁধা অবস্থায় আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির উদ্যোগ নেয় পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাঙ্গামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শফিককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা