September 22, 2026, 5:16 am

ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে মেসি

বার্সেলোনা ছেড়েছেন পাঁচ বছর আগে। তবে কাতালান শহরটির সঙ্গে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সম্পর্ক যেন এখনো অটুট। এবার সেই টান থেকেই বার্সেলোনায় শিশুদের ক্যানসারের চিকিৎসার জন্য নির্মাণাধীন একটি বিশেষায়িত হাসপাতাল প্রকল্পে বড় অঙ্কের অর্থ সহায়তা দিয়েছেন ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় এই তারকা।

ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মার্কাটো’র এক প্রতিবেদনে বলা হয়েছে, মেসি তার দাতব্য প্রতিষ্ঠান ‘মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে ‘এসজেডি পেডিয়াট্রিক ক্যানসার সেন্টার’ নির্মাণ প্রকল্পে ২৬ লাখ ইউরো অনুদান দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬ কোটি টাকার বেশি।

শিশুদের ক্যানসারের চিকিৎসার জন্য বার্সেলোনায় নির্মাণ করা হচ্ছে এই বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র। ফুটবলভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘গোল’-এর তথ্য অনুযায়ী, প্রকল্পটির মোট ব্যয় প্রায় ৩ কোটি ইউরো। ৫ হাজার ১৩৭ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিতব্য কেন্দ্রটি চালু হলে প্রতি বছর প্রায় ৪০০ ক্যানসার আক্রান্ত শিশু বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে।

একই ছাদের নিচে শিশুদের ক্যানসার চিকিৎসা, প্রয়োজনীয় সহায়তা ও অন্যান্য আনুষঙ্গিক সেবা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। তবে হাসপাতালটি নির্মাণে শুধু মেসির অর্থায়নই নয়, মেসি ফাউন্ডেশনের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা ও ব্যক্তিগত দাতারাও অর্থ সহায়তা করছেন।

শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে মেসি ফাউন্ডেশন। সংস্থাটির কার্যক্রমের মধ্যে শিশুদের লিউকেমিয়া নিয়ে গবেষণায় আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি আর্জেন্টিনার রোসারিও শহরের হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহও রয়েছে।

এ ছাড়া আফ্রিকার দেশ মোজাম্বিকে শিশুদের অপুষ্টি মোকাবিলা ও পুষ্টিহীনতা কমাতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে মেসির দাতব্য প্রতিষ্ঠান। ফুটবল মাঠের সাফল্যের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা