বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর তায়িফা সুলতানা (৩) নামে এক শিশুর মরদেহ তার ফুফুর কক্ষের একটি বাক্স থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুয়ালক বাজারসংলগ্ন ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তায়িফা ওই এলাকার ইলিয়াস খানের মেয়ে।
পুলিশ জানায়, সোমবার সকাল থেকে তায়িফা নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বাবা ইলিয়াস খান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। পরে বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, নার্গিস সুলতানা তায়িফাকে তার কক্ষে নিয়ে যাচ্ছেন।
এরপর নার্গিসের কক্ষে তল্লাশি চালিয়ে একটি বাক্সের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নার্গিস সুলতানা ভাতিজিকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন। তবে হত্যার কারণ সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি।
পরিবারের এক সদস্য জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নার্গিস সুলতানা ভাই ইলিয়াস খানের সঙ্গে একই বাড়িতে থাকতেন। ভাইয়ের স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে পরিবারের ধারণা। তবে এ বিষয়ে নার্গিস বিস্তারিত কিছু বলেননি।
বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ বলেন, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে নার্গিস সুলতানার কক্ষে তল্লাশি চালানো হয়। সেখানকার একটি বাক্স থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলায় নার্গিস সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে।