রাজধানীর মিরপুরের হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে এ ঘোষণা দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘এটা দিয়ে শুরু, এটা শেষ নয়।’ প্রয়োজন হলে এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম চালু করতে ট্রাস্টি বোর্ডের সঙ্গে আলোচনা করা হবে। ৫০ লাখ টাকার অনুদান দিয়ে ক্ষতিগ্রস্ত ভবন সংস্কার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেওয়া হবে, যাতে আবার মা ও শিশুদের চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হয়।
স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। কোনো অপরাধের সঙ্গে দলীয় পরিচয় বিবেচনা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি ইসিবি চত্বরে এক ‘জুলাই যোদ্ধার’ স্টুডিওতে হামলা এবং মোহাম্মদপুরে অস্ত্র নিয়ে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ নিয়েও কথা বলেন। তার ভাষ্য, কোনো বিরোধ থাকলে তা আইনগতভাবে সমাধান করতে হবে; ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ও ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ নেই।
ডা. শফিকুর রহমান বলেন, অপরাধের সঙ্গে যে দলের লোকই জড়িত থাকুক, এমনকি তার দলের কেউ হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো ছাড় দেওয়া উচিত নয়