রাজধানীর তুরাগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. ইয়াসিন (২০) ও মো. রিফাত (২০)।
ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন জানান, শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর দুপুর পৌনে ২টার দিকে তুরাগ থানাধীন ধউর এলাকায় ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন সদস্য মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
খবর পেয়ে তুরাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ইয়াসিন ও রিফাতকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় ইয়াসিনের কাছ থেকে বঙ্গবন্ধুর ছবিযুক্ত একটি মুখোশ এবং রিফাতের কাছ থেকে ‘আমি দোকানদার আমিই জয় বাংলার লোক’ লেখা একটি ফেস্টুন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।