November 13, 2026, 7:20 pm

সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন এমপি মিতু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু গত সাত দিন ধরে ফোনকল ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। এর আগেও একই ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
পোস্টে মাহমুদা মিতু লেখেন, বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে তিনি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। একপর্যায়ে মেজাজও হারান। তার ভাষ্য, শত শত শহিদের রক্ত, আহতদের ত্যাগ এবং হান্নান মাসুদের মতো জুলাইয়ের সমন্বয়ক ও নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুকারি ও ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে।
তিনি আরও লেখেন, সংসদে হান্নান মাসুদকে বারবার ‘বস, বস’ ও ‘বেয়াদব’ বলে সম্বোধন করা হচ্ছিল। তখন তিনি প্রতিবাদ করে হত্যার হুমকি ও বাড়িতে আগুন দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। তার মতে, যারা আঁতাত করে চলেন, তারা পরিবার ও নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করার ঝুঁকি বুঝতে পারবেন না।
এনসিপির এই সংসদ সদস্য অভিযোগ করেন, গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও তিনি এমন হুমকি পেয়েছেন। বিষয়টি তুলে ধরলেও নুসরাতের ঘটনার মতো এটিকেও গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
পোস্টের শেষাংশে তিনি হাদির বক্তব্য উদ্ধৃত করে লেখেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা