November 13, 2026, 3:15 pm

মাদারীপুরে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন

মাদারীপুর জেলায় দিনব্যাপী বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, জনসেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে তিনি এ সফর করেন।

সফরের শুরুতে বিভাগীয় কমিশনার মাদারীপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন এবং সার্কিট হাউজের সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন।

পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ভূমি সেবা সহায়তা কেন্দ্র ও এল.এ (ভূমি অধিগ্রহণ) শাখা উদ্বোধন করেন। এরপর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করে নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে তিনি মাদারীপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন এবং জেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি দেখেন।

এছাড়া তিনি সদর উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় আকস্মিক পরিদর্শন করেন। এ সময় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সেবা প্রাপ্তির বিষয়ে খোঁজখবর নেন। পরে বিভিন্ন স্কুল থেকে আগত মেধাবী ও দূরবর্তী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।

দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে তিনি খোয়াজপুর টেকেরহাট উচ্চ বিদ্যালয়, খোয়াজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।

এ সময় বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, প্রশাসনের মূল লক্ষ্য জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও দ্রুত সেবা পৌঁছে দেওয়া। ভূমি সেবা সহজীকরণ, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে ডিজিটাল সেবার মান বৃদ্ধিতে সরকার কাজ করছে। মাদারীপুরের চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করতে হবে। সাধারণ মানুষ যাতে হয়রানিমুক্তভাবে সেবা পায়, তা নিশ্চিত করতে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, আজ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে যাতে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা সহজে স্কুলে আসতে পারে। একটি সবুজ ও স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা