November 13, 2026, 6:15 am

পুলিশের সামনেই লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের মিছিল, মহাসড়কে আগুন

গোপালগঞ্জ শহরে পুলিশের উপস্থিতিতেই লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের লঞ্চঘাট ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। একই দিন সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে মিছিল ও ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

পরে বেলা সাড়ে ১১টার দিকে শহরতলির গাবতলা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে মিছিল বের করেন। মিছিলটি প্রায় এক কিলোমিটার পথ প্রদক্ষিণ করে শহরের শিশু পার্ক এলাকায় গিয়ে শেষ হয়।

এর কিছুক্ষণ পর দুপুর ১২টার দিকে শহরতলির জেলা কারাগারের সামনে থেকে আরেকটি মিছিল বের করা হয়। মিছিলটি লঞ্চঘাট ব্রিজে গিয়ে শেষ হয়। সেখানে পুলিশের উপস্থিতিতেই জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ সদস্যদের নীরব অবস্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশিদ বলেন, ‘কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ঘটতে পারে আমাদের কাছে তথ্য নেই। আমাদের পুলিশি টহল অব্যাহত আছে।’

এদিকে শহরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনগুলোর এমন মিছিল ও বিক্ষোভের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা