November 13, 2026, 7:28 pm

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কে জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১) ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ইস্তাম্বুল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি আন্তালিয়া থেকে ইস্তাম্বুলে পৌঁছান। বিকেল ৪টা ৩০ মিনিটে আন্তালিয়া ত্যাগের সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল।

ঢাকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনসহ মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তিন দিনের সফরে গত ১০ নভেম্বর আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেন। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজন পূরণে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে আলোচনা হয়।

বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের সমাধানের বিষয়গুলো গুরুত্ব পায়। বিশেষ করে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ ছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীসহ ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সম্মেলনের একটি সাইড ইভেন্টে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দেন। বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যে সরকারের উদ্যোগ তুলে ধরার পাশাপাশি এ ক্ষেত্রে কারিগরি সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত বিশ্বনেতাদের সম্মানে নৈশভোজেও অংশ নেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা