September 29, 2026, 9:32 am

সালমান এফ রহমানের বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনের শুনানি ২৬ অক্টোবর

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিলকে নির্দেশনা দেওয়ার আবেদনের শুনানি আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন।

এদিন প্রসিকিউশনের পক্ষে সময় চান প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন, বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে করা আবেদনটি গুরুত্বপূর্ণ। শুনানির সময় চিফ প্রসিকিউটরের উপস্থিতি প্রয়োজন। তিনি বর্তমানে ছুটিতে থাকায় অক্টোবরের শেষ দিকে শুনানির দিন ধার্যের অনুরোধ করা হয়।

সালমান এফ রহমানের পক্ষে শুনানিতে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরীসহ অন্য আইনজীবীরা। তিনি বলেন, আবেদনটি পুরোনো এবং এ বিষয়ে ট্রাইব্যুনালের আগের আদেশ রয়েছে। তবে বিচার চলমান থাকায় বিদেশি আইনজীবীর উপস্থিতি প্রয়োজন।

উভয় পক্ষের বক্তব্য শুনে ট্রাইব্যুনাল ২৬ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।

গত ১৪ আগস্ট সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল হল বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেন। ২৪ আগস্ট আবেদনটি গ্রহণ করে বার কাউন্সিল।

এ মামলায় সালমান এফ রহমানের সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকও আসামি। গত ১২ জানুয়ারি তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা