September 28, 2026, 3:26 pm

রূপসা থানা। ছবি: সংগৃহীত

মাছের ঘের থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

খুলনার রূপসায় মাছের ঘের থেকে মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মোমিনবাগ এলাকায় ফ্রেশ ফুডসের পেছনের একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাপ্পি রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আকবর শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুস সবুর খান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে স্থানীয়রা মোমিনবাগ এলাকার একটি মাছের ঘেরের মধ্যে বাপ্পির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

ওসি আব্দুস সবুর খান জানান, ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে দুর্বৃত্তরা বাপ্পিকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার ঘাড়ের ডান পাশে গুলির চিহ্ন এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা