ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ঐতিহাসিক শাহী মসজিদের অংশ অপসারণকে কেন্দ্র করে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে। পরে ঘটনাস্থলে র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ) মোতায়েন করা হয়।
২০২৮ সালের সিংহস্থ মেলাকে সামনে রেখে উজ্জয়িনীর অবকাঠামো উন্নয়ন ও সড়ক প্রশস্তকরণের উদ্যোগ নিয়েছে পৌর করপোরেশন। এর আওতায় ২৭২টি স্থাপনা অপসারণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে শাহী মসজিদের প্রার্থনাকক্ষের একটি অংশ, একটি মিনার ও সংলগ্ন স্থাপনা রয়েছে।
পুলিশের দাবি, বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কংগ্রেসের সংসদ সদস্য ইমরান প্রতাপগড়ি মসজিদের অংশ অপসারণের বিরোধিতা করে বিকল্প জমি ব্যবহারের দাবি জানিয়েছেন। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, সিংহস্থ মেলায় বিপুলসংখ্যক তীর্থযাত্রীর চলাচল নির্বিঘ্ন করতে সড়ক প্রশস্তকরণ জরুরি।