September 29, 2026, 7:07 am

এলএনজি সরবরাহ বন্ধ করছে কাতার এনার্জি।

হরমুজ সংকটে কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশে আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সরবরাহে বাধ্যতামূলক পরিস্থিতির ঘোষণা বা ‘ফোর্স মেজর’ নোটিশের মেয়াদ বাড়িয়ে বিষয়টি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে গত এপ্রিল থেকে কাতারের এলএনজি সরবরাহে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়। রয়টার্সের হিসাব অনুযায়ী, এর প্রভাবে কাতারের এলএনজি রপ্তানি ৯৬ শতাংশ কমেছে। গত বছরের একই সময়ে যেখানে ৫০৯টি এলএনজি কার্গো পাঠানো হয়েছিল, চলতি বছরের আগস্টের শেষ পর্যন্ত পাঠানো হয়েছে মাত্র ১৮টি।

এদিকে কাতার এনার্জির ইতালীয় ক্রেতা এডিসন জানিয়েছে, আরও ছয়টি এলএনজি কার্গো বাতিল করেছে কাতার। এর ফলে প্রতিষ্ঠানটির বাতিল হওয়া কার্গোর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫টিতে। ইতালির মোট গ্যাস ব্যবহারের প্রায় ১০ শতাংশ সরবরাহ করে এডিসন। ঘাটতি পূরণে বর্তমানে প্রতিষ্ঠানটি মূলত যুক্তরাষ্ট্রের সরবরাহকারীদের ওপর নির্ভর করছে।

কাতার এনার্জির সঙ্গে ২০০৯ সালে ২৫ বছরের দীর্ঘমেয়াদি চুক্তি করে এডিসন। তবে বর্তমান পরিস্থিতিতে চুক্তির আওতায় নির্ধারিত সরবরাহও ব্যাহত হচ্ছে।

শীত মৌসুম সামনে রেখে এলএনজির সীমিত বৈশ্বিক সরবরাহ নিয়ে এশিয়া ও ইউরোপের দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা আরও বাড়তে পারে। এতে গ্যাসের দামও উচ্চ পর্যায়ে থাকার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে জার্মানিসহ কয়েকটি দেশ শীতের আগে গ্যাসের মজুদ বাড়াতে তৎপর হয়েছে।

কাতার এনার্জির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা