September 30, 2026, 5:52 pm

বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু

প্রতিনিধি: বিএনপি জনবান্ধব দল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন জনগণ ভালো থাকে। জনগণকে ভালো রাখার জন্যই আমরা কাজ করি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মানিকগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, প্রান্তিক খামারিদের আর্থিকভাবে শক্তিশালী করতে খাল খননের পাশাপাশি মৎস্য খামার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করেছেন। তাঁর যোগ্য উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

প্রান্তিক ও ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, যাদের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হচ্ছে, তারা সঠিকভাবে গবাদিপশু পালন করলে ভবিষ্যতে খামারি হিসেবে গড়ে উঠবেন। এতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, সেই সরকার খুন-গুম করেছে এবং শিশুদেরও হত্যা করেছে। জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের বিতাড়িত করেছে। এখন তারা বিভিন্ন ধরনের কথা বলে আবার ফিরে আসতে চায়। জনগণ তাদের ছেড়ে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির আন্দোলনের প্রসঙ্গ তুলে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গণতন্ত্র যখনই হোঁচট খেয়েছে, বিএনপি তখনই গণতন্ত্র রক্ষায় আন্দোলন-সংগ্রাম করেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের পতন হয়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিদায় হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, জনগণের ভোটে এখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা