সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি হওয়া একটি তেলবাহী ট্যাংকারে পাঁচ নাবিক নিহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ট্যাংকারটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১৬ সন্দেহভাজন জলদস্যুকে আটক করেছে সোমালিয়ার কর্তৃপক্ষ।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সোমালিয়ার কর্মকর্তারা জানান, পালাউয়ের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার এমটি অনার ২৫-এ নিহত পাঁচ নাবিকের মধ্যে তিনজন পাকিস্তানি, একজন মিয়ানমারের এবং একজন ভারতের নাগরিক।
সোমালিয়ার তথ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, গত ২১ এপ্রিল দেশটির উপকূল থেকে ট্যাংকারটি জিম্মি করে জলদস্যুরা। জাহাজটিতে প্রায় ১৮ হাজার ৫০০ ব্যারেল তেল ছিল। নিরাপত্তা বাহিনীর অভিযান শুরুর আগেই জলদস্যুরা পাঁচ নাবিককে হত্যা করে। এ ঘটনায় আরও চার নাবিক আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন পাকিস্তানি ও একজন ভারতীয়।
কেনিয়ায় ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহত ভারতীয় নাবিকের মৃত্যুতে শোক জানিয়েছে। দূতাবাস জানায়, জাহাজে থাকা অন্য ভারতীয় নাবিকরা নিরাপদে রয়েছেন। সম্প্রতি উদ্ধার হওয়া এমটি সিবু ১ ও এমটি ইউরেকা জাহাজের ভারতীয় নাবিকরাও নিরাপদে আছেন।
পান্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্স জানিয়েছে, এমটি অনার ২৫ বর্তমানে নিরাপদে রয়েছে এবং সরকারের নিয়ন্ত্রণে আছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এক দশকেরও বেশি সময় পর সোমালীয় জলদস্যুদের হাতে এত প্রাণহানির ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে দেশটির উপকূলে জলদস্যু তৎপরতা আবারও বেড়েছে। কিছু বিশেষজ্ঞের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার প্রভাবও এ পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত হতে পারে।
এর আগে গত সপ্তাহে পৃথক এক অভিযানে পান্টল্যান্ডের মেরিটাইম পুলিশ এমটি সিবু ১ নামের আরেকটি ট্যাংকার উদ্ধার করে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা ওই জাহাজটি গত আগস্টে জলদস্যুরা জিম্মি করেছিল।
সূত্র: আল জাজিরা