রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে প্রশিক্ষণ উড্ডয়নের সময় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম টিইউ-৯৫ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বিমানটির এক ক্রু সদস্য আহত অবস্থায় বেঁচে গেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, আমুর অঞ্চলের ইউক্রেনকা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর ক্রাসনোইয়ারোভো শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। মাটিতে আছড়ে পড়ার পর বিমানটির জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।
চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। রুশ সামরিক বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সেসের একটি বিশেষ কমিশন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
উদ্ধার ও অগ্নিনির্বাপণকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত ক্রু সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টিইউ-৯৫ সোভিয়েত আমলে তৈরি দীর্ঘপাল্লার ভারী বোমারু বিমান। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই বিমানটি প্রথম আকাশে ওড়ে ১৯৫২ সালে এবং ১৯৫৬ সালে রুশ সামরিক বাহিনীতে যুক্ত হয়। রাশিয়া এখনো বিভিন্ন সামরিক মহড়ায় বিমানটি ব্যবহার করে।