ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ জয়ী হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধের অবসানে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তার বিশ্বাস যুদ্ধ দ্রুতই শেষ হবে। তিনি বলেন, ‘আমরা জয়ী হতে যাচ্ছি। যেকোনোভাবেই হোক, এটি বেশ দ্রুতই শেষ হবে।’
ট্রাম্প আরও দাবি করেন, যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বন্ধের উদ্যোগের অংশ হিসেবে সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আলাদাভাবে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন। আলোচনায় ইরানের গত সপ্তাহে দেওয়া সাত দিনের একটি প্রস্তাবের সংশোধিত সংস্করণ নিয়ে আলোচনা হতে পারে।
গত কয়েকদিনে সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। তবে যুদ্ধ কবে শেষ হবে, সে বিষয়ে ট্রাম্প কোনো নির্দিষ্ট সময়সীমা জানাননি।
সূত্র: রয়টার্স