নিজস্ব প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কাটার ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তাঁরা। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া তিন নেতা হলেন মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলামিন শিকদার, জাকির হাওলাদার ও আরিফ হাওলাদার।
মামলা সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ নাজিরপুর ইউনিয়নের একটি স্থানে কেক কেটে শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ওই রাতেই পুলিশ বাদী হয়ে মুলাদী থানায় মামলা করে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ১৭ মার্চ কেক কাটার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। মামলার বেশির ভাগ আসামি পলাতক রয়েছেন। মঙ্গলবার আদালত তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন