ঢাকার ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে শতাধিক হতদরিদ্র ও অসহায় নারীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় জাকির হোসেনের স্ত্রী নাছিমা আক্তারের সহযোগিতায় সোমভাগ ইউনিয়নের কালিদাসপট্টি, বানেশ্বর এবং সূতিপাড়া ইউনিয়নের সিন্ধুলিয়া এলাকার শতাধিক অসহায় নারীর কাছ থেকে এই অর্থ আদায় করা হয়। ভুক্তভোগীরা জানান, তারা নাছিমার মাধ্যমে ফরিদা ইয়াসমিনের কাছে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০০ টাকা করে জমা দিয়েছেন।
সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম বলেন, তিনি স্বজনদের মাধ্যমে বিষয়টি জানার পর আগেই তাদের টাকা দিতে নিষেধ করেছিলেন। পরে জানতে পারেন, ফরিদা ইয়াসমিন স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যবহার করে ফ্যামিলি কার্ডের দায়িত্ব পাওয়ার দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফরিদা ইয়াসমিন সব অভিযোগ মিথ্যা দাবি করেন এবং সাক্ষাতের প্রস্তাব দেন। তবে ভুক্তভোগীদের অভিযোগের প্রসঙ্গ উঠলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান বলেন, তারা বিষয়টি জানেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান, লিখিত অভিযোগ না পেলেও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।