August 12, 2026, 10:58 am

ফরিদপুরে ভুয়া এনজিওর বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ

ফরিদপুরে ভুয়া এনজিওর বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ

ফরিদপুরের সদরপুর উপজেলায় ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয়ের নামে টাকা নিয়ে উধাও হয়েছে ‘এমপাওয়ারমেন্ট সেন্টার ফর ওমেন (ইসিডব্লিউ)’ নামের একটি প্রতিষ্ঠান। বুধবার (১২ আগস্ট) সকালে ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের গ্রাহক মো. মুস্তাকিম হাওলাদার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সদরপুর থানায় লিখিত অভিযোগ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে এক মহিলা ও চার-পাঁচজন ব্যক্তি নিজেদের ইসিডব্লিউ এনজিওর কর্মকর্তা পরিচয় দিয়ে ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া এলাকায় একটি ভবনের নিচতলা ভাড়া নেন। তারা সহজ শর্তে বড় অঙ্কের ঋণ দেওয়ার কথা বলে গ্রাহক সংগ্রহ করেন এবং প্রত্যেক গ্রাহকের কাছ থেকে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় হিসেবে জমা নেন।

গ্রাহকদের বুধবার ঋণ দেওয়ার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময়ে অফিসে গিয়ে তারা তালা ঝুলতে দেখেন। যোগাযোগের চেষ্টা করেও কর্মকর্তাদের পাওয়া যায়নি। ভুক্তভোগীরা সদরপুর থানায় গিয়ে অভিযোগ করেন।

সরজমিনে দেখা যায়, অফিসের সামনে বিভিন্ন ইউনিয়নের প্রায় ১৫-১৬ জন নারী-পুরুষ দাঁড়িয়ে আছেন। তারা জানান, ঋণ দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।

ভবনের মালিকের স্ত্রী জানান, তারা ভাড়া নিতে আসার সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেন, কিন্তু এর আগেই অফিসে তালা দিয়ে চলে যান। সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ্ বলেন, এ ঘটনায় একজন গ্রাহক থানায় অভিযোগ দিয়েছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা