মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন নিয়ে গেছেন তার মেয়ে তানি দিপাবলি নেওয়াজ। তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে এই প্যারোল আবেদন করা হচ্ছে।
বাবার লাশ ঢাকায় রেখে মায়ের মুক্তির জন্য দিপাবলি মুন্সীগঞ্জে দৌড়াচ্ছেন। জানা গেছে, দীপু মনির প্যারোলে মুক্তি মিললেই আজ বুধবার বিকালে তার স্বামীর লাশ দাফন করা হবে।
দিপাবলি দুপুর পৌনে ২টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদন নিয়ে যান। দীপু মনির চার দিনের প্যারোল মুক্তি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
এর আগে বুধবার দুপুর ১২টার দিকে দিপাবলি মায়ের সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেন। কারাগার থেকে বেরিয়ে তিনি দ্রুত গাড়ির কাছে আসেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে যান।
উল্লেখ্য, ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে সাবেক এই মন্ত্রী মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন পেলে নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।