August 13, 2026, 11:15 am

চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যার মামলায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যার মামলায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী ওমর সরকারকে হত্যার অপরাধে জয় বিশ্বাস অনিক (২১) নামে একজনকে মৃত্যুদণ্ড এবং হৃদয় সূত্রধর (২১) নামে অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) মো. কামাল হোসাইন এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জয় বিশ্বাস অনিককে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩ বছরের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে। তিনি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার সুভারিয়া এলাকার অর্জুন বিশ্বাসের ছেলে।

অন্যদিকে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় সূত্রধরকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর সারপাড় এলাকার গোপাল সূত্রধরের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে ওমর সরকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘মাধবী শিল্পালয়’ বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের বাবা রবি ভক্ত বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

তদন্তকালে পুলিশ ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি হৃদয় সূত্রধরকে এবং ২৪ ফেব্রুয়ারি জয় বিশ্বাসকে গ্রেপ্তার করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সালমা বেগম জানান, মামলাটির বিচারকাজ চলাকালে আদালত মোট ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা