নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলার ১৫ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৩ অক্টোবর) সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ১৫ জনের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার একজন, চাঁদাবাজি মামলার একজন, সামারি ট্রায়ালের সাতজন, মাদক মামলার একজন, সিআর ওয়ারেন্টভুক্ত একজন এবং চুরির মামলার চারজন রয়েছেন।
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন মিজমিজি আব্দুল আলীরপুল এলাকার মো. আল আমিন (৩৫)। চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে মিজমিজি বাতানপাড়া এলাকার মো. মোক্তার হোসেনকে (৩৭)।
সামারি ট্রায়ালের মামলায় গ্রেপ্তাররা হলেন—পাইনাদী নতুন মহল্লার বরকত উল্লাহ (২০) ও সাগর (২১), নয়াআটি মুক্তিনগরের মো. শাহিন মিয়া (৩৪), পাইনাদীর নয়ন (২৬) ও শাহাজালাল খান ওরফে হৃদয় (৩০), মিজমিজির হাসান (২৬) এবং কদমতলীর মমিনুর রহমান (৩২)।
মাদক মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ সদর উপজেলার যুগিন্দা এলাকার মো. আরমান হোসেনের (৩৮) কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ভাড়া থাকেন বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মিজমিজি মাইজপাড়া এলাকার মো. আলমগীরকে (৪০) গ্রেপ্তার করা হয়।
চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন জামালপুরের মেলান্দহের মো. জনি (৩৫), মুন্সীগঞ্জের গজারিয়ার চর বাউশিয়ার তাজুল ইসলাম ওরফে তাইজুল ইসলাম (৪০) ও সুমন (৫০) এবং লক্ষ্মীপুরের রামগতির মো. মনির হোসেন (৩৫)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান , গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক, চাঁদাবাজি, চুরি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।