পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে মালিকপক্ষ আগামীকাল সোমবারের বৈঠকে প্রস্তাব দেবে বলে আশা করছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তবে মালিকপক্ষ প্রস্তাব না দিলেও আইন অনুযায়ী মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার বিকেলে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সৈয়দ আজাদ সুবহানী বলেন, আগামী ২৩ নভেম্বর বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আশা করছেন তাঁরা। তবে কাউকে প্রস্তাব দিতে বাধ্য করার সুযোগ নেই। প্রস্তাব না এলে বোর্ডের নির্ধারিত প্রক্রিয়া, সূচক ও নির্দেশক অনুসরণ করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ন্যূনতম মজুরি নির্ধারণ প্রক্রিয়ার অংশ হিসেবে বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে একটি দল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার পার্ল গার্মেন্টস লিমিটেড কারখানা পরিদর্শন করে। এ সময় তিনি কারখানার কর্মপরিবেশ ঘুরে দেখেন এবং শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। শ্রমিকদের বর্তমান বেতন কাঠামো, পরিবারের সদস্যসংখ্যা, জীবনযাত্রার ব্যয়, প্রত্যাশা ও কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মালিকপক্ষের সুবিধা-অসুবিধাও জানার চেষ্টা করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের আজাদ সুবহানী বলেন, এটি একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ বা সরেজমিন তথ্য সংগ্রহ কার্যক্রম। নিয়মিত দাপ্তরিক কাজ ও বোর্ডের সভার পাশাপাশি আইন অনুযায়ী সাক্ষ্য ও তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য কারখানা পরিদর্শন করা হচ্ছে।
মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে বোর্ডের দূরত্ব তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রমিকদের সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। কারণ, বোর্ডে শ্রমিক প্রতিনিধি রয়েছেন। তবে মালিকপক্ষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে কি না, তা বলার সময় এখনো আসেনি।
মজুরি নির্ধারণে কোনো ধরনের চাপ অনুভব করছেন কি না, জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান বলেন, তিনি কোনো পক্ষ থেকেই চাপ অনুভব করছেন না। মালিকপক্ষ প্রস্তাব না দিলেও আইনগত প্রক্রিয়ায় মজুরি নির্ধারণের কাজ চলবে।
এদিকে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষে আবারও অস্থির হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। গতকাল শনিবার বিভিন্ন কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভের ঘটনায় নিরাপত্তার স্বার্থে অন্তত ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১১টি কারখানা। নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও দুটি কারখানায়।
গতকাল সকালে অধিকাংশ কারখানার শ্রমিক শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও কয়েকটি প্রতিষ্ঠানে শ্রমিকেরা উৎপাদনকাজে অংশ না নিয়ে কর্মবিরতি পালন করেন। কোথাও কোথাও শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছিলেন। তবে কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির ঘটনা ঘটলে পরিস্থিতি বিবেচনায় ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল গাজীপুরের প্রায় ৮০ শতাংশ তৈরি পোশাক কারখানা খোলা ছিল। এসব কারখানায় একই হারে শ্রমিকও কাজে যোগ দেন। সকালে নির্ধারিত সময়েই শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে দেখা যায়। প্রধান ফটকে পরিচয়পত্র যাচাইয়ের পর নিরাপত্তাকর্মীরা তাঁদের ভেতরে প্রবেশের অনুমতি দেন।